থানায় নেওয়ার এক ঘণ্টার মধ্যে অসুস্থ ছাত্রলীগ নেতা, ওসিকে হুমকি

  বিশেষ প্রতিনিধি    30-10-2026    11
থানায় নেওয়ার এক ঘণ্টার মধ্যে অসুস্থ ছাত্রলীগ নেতা, ওসিকে হুমকি

‎সুনামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে থানায় নেওয়ার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনায় নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় ফেসবুক লাইভে এসে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখকে হুমকি ও গালিগালাজ করেছেন ফাহিম রাজা নামে এক যুবক। তবে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগকে ভিত্তিহীন ও গুজব বলে দাবি করেছেন ওসি।

‎ ‎বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে শহরের নতুনপাড়া এলাকা থেকে প্রিন্সকে থানায় নিয়ে যাওয়া হয়। প্রায় এক ঘণ্টা পর তাকে অসুস্থ অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় পুলিশ। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ‎

‎পুলিশ সূত্রে জানা যায়, একটি মামলার ভিত্তিতে প্রিন্সকে আটক করে থানায় আনা হয়েছিল। থানা হাজতে রাখার পরে প্রিন্স গেটের কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় শারীরিক দুর্বলতার কারণে পড়ে যায়। বিষয়টি বুঝতে পেরে পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে পুলিশের গাড়িতে করে তাকে হাসপাতালে নিয়ে যান। এরপর প্রিন্সকে থানায় নেওয়ার পর নির্যাতনের অভিযোগ তুলে তার পরিবারের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে প্রশ্ন তোলা হয় এবং হাসপাতাল প্রাঙ্গণে পুলিশের সাথে অসদাচরণ করে প্রিন্সের পরিবার। এর কিছুক্ষণ পরেই ফাহিম রাজা নামে এক যুবক ফেসবুক লাইভে এসে ওসি রতন সেখকে হুমকি ও গালিগালাজ করেন। ‎

‎নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা প্রিন্সের বাবা দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী জানান, তার ছেলের বিরুদ্ধে সরকারবিরোধী তিনটি মামলা থাকলেও তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। এসআই জাকারিয়া তাকে জানিয়েছিলেন, ওসি কিছু কথা বলার জন্য ছেলেকে থানায় নিতে বলেছেন এবং পরে বাসায় পৌঁছে দেবেন। পুলিশের আশ্বাসে ছেলেকে তাদের হাতে তুলে দেন তিনি। পরে হাসপাতালে গিয়ে ছেলেকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখতে পান। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তিনি। ‎

‎এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ ঢাকা পোস্টকে বলেন, পুলিশ হেফাজতে তাকে মারধরের কোনো ঘটনা ঘটেনি। সে খিচুনি জনিত রোগে আক্রান্ত ও শারীরিকভাবে দুর্বল থাকার কারণে অসুস্থ হয়ে যায়। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন চিকিৎসকসহ মোট চারজন চিকিৎসক তাকে পরীক্ষা করেছেন। চিকিৎসকদের পরীক্ষায় তার শরীরে কোনো আঘাত বা নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি। বর্তমানে তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন এবং কথা বলছেন। থানার সিসিটিভি ক্যামেরায় পড়ে যাওয়ার পুরো ঘটনা ধারণ করা আছে এবং ফুটেজ সংরক্ষিত রয়েছে।

‎ ‎ফেসবুক লাইভে তাকে হুমকি দেওয়া প্রসঙ্গে ওসি বলেন, তার দায়িত্বকালে পুলিশ হেফাজতে কারো ওপর নির্যাতন বা মারধরের ঘটনা ঘটেনি। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরঞ্জিত তথ্য ছড়ানো হচ্ছে এবং পুলিশ সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে। এসব ঘটনায় প্রমাণ সংরক্ষণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন