ভুলে-ভরা ব্যাডমিন্টন জার্সি, খেলা নিয়ে শঙ্কা!

  বিশেষ প্রতিনিধি    20-09-2026    3
ভুলে-ভরা ব্যাডমিন্টন জার্সি, খেলা নিয়ে শঙ্কা!

এশিয়ান গেমসে অনেক দেশ পদকের জন্য লড়ে। সেখানে বাংলাদেশ পদক তো দূরের কথা, নানা বিতর্কিত ঘটনার জন্ম দেয়। এশিয়ান গেমসে গতকাল আনুষ্ঠানিক উদ্বোধনের দিনই বাংলাদেশ ব্যাডমিন্টন দল জার্সি নিয়ে সমস্যায় পড়েছে। নামের বানান ও মাপে ভুলের কারণে খেলায় অংশগ্রহণই অনিশ্চিত হয়ে পড়ছে। বাধ্য হয়ে জাপানের নাগোয়ায় নতুন জার্সি তৈরিতে ব্যস্ত বাংলাদেশ ব্যাডমিন্টনের কর্মকর্তারা।

এশিয়ান গেমসে বাংলাদেশ কন্টিনজেন্টের শেফ দ্য মিশন মেজর ইমরোজ আহমেদ (অব.) বলেন, ‘গেমসে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জার্সি অনুমোদন নিতে হয়। ক্রিকেট, ফুটবল, কাবাডিসহ অনেক ফেডারেশনই আমাদের কাছে জার্সি পাঠিয়েছিল। আমরা সেটা অনুমোদন করেছি। ব্যাডমিন্টন ফেডারেশন শুধু ডিজাইন দিয়েছিল, সেটা আমরা অনুমোদন করিয়েছি। কিন্তু জার্সিতে নামের বানান, দেশ ও খেলোয়াড়ের নামের অবস্থান, নামের পরিমাপে ভুল থাকায় সমস্যা সৃষ্টি হয়েছে। আমাদের মহাসচিব বিষয়টি সমাধানের চেষ্টা করছে।’

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানা সাবেক জাতীয় চ্যাম্পিয়ন ও ব্যাডমিন্টন ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক। ব্যাডমিন্টনের জার্সি নিয়ে উদ্ভুত সংকট সম্পর্কে তার বক্তব্য, ‘জার্সি ঠিকমতো করা ফেডারেশনের দায়িত্ব। ব্যাডমিন্টন জার্সি দিতে দেরি করায় তাদের ম্যানেজার ও কর্মকর্তাদের ঢাকায় ডেকে বলেছি অন্তত একটা জার্সি করেন। তারা শুধু ডিজাইন দিয়েছিল আমাদের। এখন নতুন জার্সি করতেই হবে জাপানে। যেই সংকট হয়েছে সেটা সমাধানের চেষ্টা করছি এশিয়ান ব্যাডমিন্টন ও আয়োজকদের সাথে বসে।’ ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি ও এশিয়ান গেমসে বাংলাদেশ ব্যাডমিন্টন দলের ম্যানেজার মহিউদ্দিন বুলবুল জার্সি বানাতে নাগোয়ায় দৌড়ঝাঁপ করছেন। তিনি বলেন, ‘আমরা অলিম্পিকের অনুমোদন নিয়ে জার্সি করেছি। গতকাল ভুলগুলো দেখেছি। এরপর আয়োজকদের সাথে আলাপ করেছি। এখন জার্সি বানানোর চেষ্টা করছি।’

ম্যানেজার গতকালের কথা বললেও খেলোয়াড়দের সাথে আলাপ করে জানা যায়, তারা দেশে থাকতেই এই ভুলগুলো দেখেছেন এবং এই জার্সিতে খেলা যাবে না সেটা বুঝে নিজেদের খরচে এক সেট জার্সি বানিয়েছেন। ব্যক্তিগত ইভেন্টে যে যার মতো পড়ে খেলতে পারলেও দলীয় ইভেন্টে এক জার্সি ও একই পরিমাপ হতে হয়। আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলোয়াড়দের জার্সিতে পাসপোর্ট অনুযায়ী নাম থাকতে হয়। সেখানে বাংলাদেশ দলের একাধিক খেলোয়াড়ের নামের বানান ভুল।

পুরুষ ব্যাডমিন্টন দলে রয়েছেন আয়মান ইবনে জামান, আরেক খেলোয়াড়ের নাম জুমার। দুই খেলোয়াড়ের নাম মিলিয়ে ফেডারেশন জার্সিতে নাম লিখেছে ‘জুমান’। এই নামে কোনো খেলোয়াড়ই নেই। দেশের নাম থাকে নিচে সেখানে রয়েছে উপরে।

ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান শাকিল। তিনি এই গেমসে বাংলাদেশ দলের কোচ। কর্মকর্তা কোচ হয়ে যাওয়া নিয়ে খোদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সমালোচনা করেছিলেন। বাংলাদেশ দল নাগোয়া পৌঁছালেও তিনি মায়ের মৃত্যুর জন্য এখনও এসে পৌঁছাননি। ম্যানেজার বুলবুল গতকাল সময় মতো এশিয়ান গেমসের উদ্বোধনের জন্য টিম বাস ধরতে পারেননি বলে জানা গেছে। এমন কর্মকর্তাই আবার মন্ত্রণালয়ের ক্রীড়াঙ্গন সমস্যা নিরসন কমিটির সদস্য। এদের দ্বারা ক্রীড়াঙ্গনের সমস্যা কতটুকু সমাধান হবে সেটাই প্রশ্ন!

খেলাধুলা-এর আরও খবর

আরও পড়ুন