কবে অবসর নেবেন, জানালেন রোনালদো

  বিশেষ প্রতিনিধি    17-08-2026    11
কবে অবসর নেবেন, জানালেন রোনালদো

দীর্ঘ ও বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের অবসরের ইঙ্গিত দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন, আগামী বছরটিই সম্ভবত তার পেশাদার ফুটবল খেলার শেষ বছর হতে চলেছে।

ভোগ ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘সম্ভবত এটিই ফুটবলে আমার শেষ বছর হতে যাচ্ছে। আমি একটি স্মরণীয় ও দৃষ্টিনন্দন উত্তরাধিকার রেখে যেতে চাই।’

দীর্ঘ ২৫ বছরের পেশাদার ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৯৭৬টি গোল করা এই মহাতারকা ফুটবল-পরবর্তী জীবন নিয়েও নিজের ভাবনার কথা জানান। তিনি বলেন, ‘ফুটবল ছেড়ে দিলে যে বড় শূন্যতা তৈরি হবে, তা পূরণ করতে নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখতে হবে। আমি আরও ঘুরে বেড়াতে চাই, প্যাডেল খেলা উপভোগ করতে চাই এবং পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটাতে চাই।’

২০০২ সালে স্পোর্টিং সিপির হয়ে সিনিয়র ফুটবলে পদার্পণ করা পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার ক্যারিয়ারজুড়ে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, ইউভেন্তুস এবং বর্তমান ক্লাব আল-নাসরের হয়ে অসংখ্য ট্রফি জিতেছেন।

সম্প্রতি অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপে পর্তুগালের হয়ে ট্রফি জয়ের স্বপ্ন অপূর্ণ থাকলেও সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের জার্সিতেই এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করার লক্ষ্যে এই মৌসুমে মাঠে নামবেন সিআর সেভেন খ্যাত এই ফুটবল তারকা।

খেলাধুলা-এর আরও খবর

আরও পড়ুন