বিশ্বকাপে তেমন ভ্রমণ করতে হয়নি ফ্রান্সকে, তবুও অভিযোগ কোচের

  বিশেষ প্রতিনিধি    10-07-2026    30
বিশ্বকাপে তেমন ভ্রমণ করতে হয়নি ফ্রান্সকে, তবুও অভিযোগ কোচের

ফ্রান্স কোচ দিদিয়ের দেশম ফরাসি ভাষাতেই সব প্রশ্নের উত্তর দেন। স্বদেশি সাংবাদিকরা এমবাপে-দেশম বন্দনায় কয়েকটি প্রশ্ন করেছেন তাদের ভাষাতেই। ইংরেজিতে এক সাংবাদিক একটু অন্য প্রসঙ্গ আনেন। তিনি বলছিলেন, বিশ্বকাপজুড়ে ফ্রান্সের তেমন ভ্রমণ করতে হয়নি। যার বিপরীতে প্রতিকূল আবহাওয়া–সহ নানা অভিযোগ উত্থাপন করেন দেশম।

ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচের ভেন্যু ডালাস। তাদের বেজক্যাম্প বোস্টন থেকে অনেক দূরে। ২০১৮–এর বিশ্বচ্যাম্পিয়নরা এখন পর্যন্ত চলতি আসরে ছয়টি ম্যাচ খেলেছে নিউইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়ায়। ফলে তাদের তেমন ভ্রমণ করতে হয়নি। যেখানে অনেক দল যুক্তরাষ্ট্র থেকে কানাডা-মেক্সিকো গিয়েও খেলেছে। সেখানে খুবই নিকটবর্তী দূরত্বে ম্যাচ খেলছে ফ্রান্স। এটা পারফরম্যান্সে কতটুকু প্রভাব ফেলেছে আর ডালাসে এত দূরত্বে খেলা কেমন হতে পারে?

সাংবাদিকের এমন প্রশ্ন শেষ না হতেই দিদিয়ের দেশম বলা শুরু করলেন, ‘আমরা কাছাকাছি দূরত্বে খেলেছি সেটা সঠিক। কিন্তু অত্যন্ত গরম, ছাদহীন স্টেডিয়াম, বজ্রপাতের জন্য খেলা বন্ধ। এই পরিস্থিতিতে আমরাই বেশি পড়েছি। যা অন্য দল হয়তো সেভাবে পড়েনি। বিশ্রামের সময় অনেক দল পাঁচ দিনও পেয়েছে, আমরা পেয়েছি চার দিন।’

বিশ্বকাপে বিভিন্ন দলই বিভিন্ন শহরে বেজক্যাম্প করেছে। ফ্রান্সের বেজক্যাম্প বোস্টনে। এর নেপথ্য কারণ সম্পর্কে দেশম বলেন, ‘আমার কোচিং স্টাফ এখানে এসে আগে দেখেছে। এই শহরটি আমাদের অনেক কিছুর জন্য মানানসই। অনুশীলন, হোটেল আরও অন্যান্য ফ্যাসালিটি বিবেচনায় আমরা এটা বেছে নিয়েছিলাম।’

অভিযোগ একপাশে রেখে সেমিফাইনালকে ফরাসি উৎসবের উপলক্ষ্য বানাতে চান দেশম। ১৪ জুলাই বাস্তিল দুর্গের জন্য ফরাসি দিবস। ওই দিনই আমেরিকার ডালাসে সেমিফাইনাল খেলবে ফ্রান্স। বিশেষ ওই দিনটিতে দেশবাসীকে জয় উপহার দিতে চান ফরাসি কোচ, ‘সেমিফাইনালের দিন আমাদের ফ্রান্স ডে। সেদিন আমরা জিতে ফাইনাল নিশ্চিতের পাশাপাশি জাতীয় দিবস উদযাপন করতে চাই।’

খেলাধুলা-এর আরও খবর

আরও পড়ুন