হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

  বিশেষ প্রতিনিধি    17-12-2024    126
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভার সিএমএইচ হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘মহাসচিব বাসায় পৌঁছেছেন। আলহামদুলিল্লাহ, মহাসচিব সুস্থ আছেন, ভালো আছেন। এখন তিনি বিশ্রামে আছেন।’

ডা. জাহিদ হোসেন আরো বলেন, ‘সাভার সিএমএইচ-এ ওনার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। রিপোর্টগুলো ভালো। সিএমএইচ-এর চিকিৎসকরা রিপোর্ট পর্যালোচনা করে বিএনপি মহাসচিবকে বাসায় যাওয়ার ছাড়পত্র দেন।’

এর আগে, সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জাতীয় স্মৃতিসৌধের ফ্লোরে বসে পড়েন। এ সময় তার মাথায় পানি ঢালেন বিএনপির নেতাকর্মীরা। এরপর হঠাৎ অচেতন হয়ে জাতীয় স্মৃতিসৌধের ফ্লোরে শুয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে বিএনপির নেতাকর্মীরা তাকে ধরাধরি করে দ্রুত সাভার সিএমএইচ হাসপাতালে নিয়ে যান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়েছেন জেনে নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান দ্রুত সিএমএইচ-এ আসেন এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন।

সারাদেশ-এর আরও খবর