মাহির জীবনে সেরা স্ট্যাটাস

  বিশেষ প্রতিনিধি    13-09-2022    382
মাহির জীবনে সেরা স্ট্যাটাস

সুখবরের পর সুখবর। এই তো মাসখানেক আগে মা হয়েছেন অভিনেত্রী পরীমনি। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন আরেক জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। গতকাল (১২ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে ভক্তদের সুখবরটি জানান অভিনেত্রী। মাহি ফেসবুকে মা হতে যাওয়ার খবর জানালেও কবে নাগাদ প্রথম সন্তান পৃথিবীর আলো দেখবে- সে বিষয়ে কোনো তথ্য জানাননি। জানানোর কথাও না। পরে মাহির সঙ্গে কথা বলে জানা গেল, চিকিৎসক সেভাবে কোনো নির্দিষ্ট তারিখ এখনো দেননি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২০২৩ সালের এপ্রিল-মে মাসের দিকে কোলজুড়ে আসবে সাত রাজার ধন। মা হতে যাওয়ার খবরটি অনুরাগীদের জানাতে পরিবার নিষেধ করা হয়েছিল মাহিকে। কিন্তু তিনি তাদের কথা না শুনে জানিয়ে দেন। তবে কেনো নিষেধ করা হয়েছিল- জানতে চাইলে এ নায়িকা বলেন, মানুষের নজর লাগতে পারে সেজন্য বারণ করা হয়েছিল। যদিও এসব কুসংস্কার। এসব আমি মানি না। সেকারণে পরিবারের সঙ্গে একরকম যুদ্ধ করে নিজের সুখের মুহূর্তটির কথা জানালাম। ফেসবুকে তো অনেক স্ট্যাটাস দেই। কিন্তু আমার জীবনের সেরা স্ট্যাটাস এটি। এরকম কথা লেখার জন্য এতদিন অপেক্ষা করেছি। মাহির হাতে বেশকিছু সিনেমার কাজ আছে। তবে তিনি জানালেন, কাজগুলো এমনভাবে গুছিয়ে রেখেছেন যে কোনো সমস্যা হবে না। সুন্দরভাবে সন্তানকে পৃথিবীতে আনতে পারবেন। তারকারা সাধারণত সন্তানের নাম আগে থেকে ঠিক করে রাখেন। কিন্তু মাহি সে পথে হাঁটলেন না। সেজন্য সময় নিতে চান। ভেবে-চিন্তে নিতে চান সিদ্ধান্ত। এদিকে চলতি সপ্তাহে মাহি অভিনীত ‘লাইভ’ শিরোনামের একটি সিনেমা মুক্তি পেয়েছে। থ্রিলারধর্মী সিনেমাটিতে তার অভিনয় আলাদাভাবে নজর কেড়েছে। তিনিও এ ধরনের একটি চরিত্রে অভিনয় করতে পেরে তৃপ্ত। এতে তার নায়ক সাইমন সাদিক। পরিচালনার দায়িত্ব সামলেছেন শামীম আহমেদ রনি।

বিনোদন-এর আরও খবর

আরও পড়ুন