জাতিসংঘের জিরো ওয়েস্ট অ্যাডভাইজরি বোর্ড সদস্য ড. ইউনূস

  বিশেষ প্রতিনিধি    11-04-2023    285
জাতিসংঘের জিরো ওয়েস্ট অ্যাডভাইজরি বোর্ড সদস্য ড. ইউনূস

বহুল আলোচিত নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের ‘অ্যাডভাইজরি বোর্ড অব এমিনেন্ট পারসনস অন জিরো ওয়েস্ট’-এর সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তাকে এই নিয়োগ দিয়েছেন। ইউনূস সেন্টার গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সেন্টারের ফেসবুক পেজেও এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘জিরো ওয়েস্ট’ বা শূন্য অপচয়বিষয়ক জাতিসংঘ সাধারণ পরিষদের ২২ ডিসেম্বর ২০২২-এর রেজুলেশন অনুসারে ড. ইউনূসকে এই মনোনয়ন দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিব এক চিঠিতে ড. ইউনূসকে লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, আপনার জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা জাতিসংঘের শূন্য-অপচয়বিষয়ক কর্মকাণ্ডকে ত্বরান্বিত করতে বিশেষ ভূমিকা রাখবে। টেকসই উন্নয়নের প্রেক্ষাপটে শূন্য-অপচয়বিষয়ক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে এ অ্যাডভাইজরি বোর্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।’

ড. ইউনূস ছাড়াও জাতিসংঘের এই অ্যাডভাইজরি বোর্ডে ১৩ জন বিশ্বখ্যাত সদস্য রয়েছেন। তাদের মধ্যে তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান বোর্ডের সভাপতি নিযুক্ত হয়েছেন। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন জাতিসংঘ মহাসচিবের পলিসি এক্সিকিউটিভ অফিসের দায়িত্বপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জেনারেল মি. গাই রাইডার, আলগ্রামোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মি. জোসে ম্যানুয়েল মোয়েলার, ইন্টারন্যাশনাল সলিড ওয়েস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মি. কার্লোস সিলভা ফিলহো, ইকোনমিয়া সার্কুলারের নির্বাহী পরিচালক মিস লরা রেয়েস, দ্য ওয়েস্ট ট্রান্সফরমার্সের প্রধান নির্বাহী মিস লারা ভ্যান ড্রুটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দেলাওয়ারে বিশ্ববিদ্যালয়ের এনার্জি অ্যান্ড দ্য ইনভায়ার্নমেন্ট বিষয়ের প্রফেসর সালীম আলী।

উল্লেখ্য, গত ৩০ মার্চ ২০২৩ প্রথম আন্তর্জাতিক শূন্য-অপচয় দিবসে জাতিসংঘ মহাসচিব এ বোর্ড গঠনের ঘোষণা দেন। এ বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের অংশগ্রহণে বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক-এর আরও খবর

আরও পড়ুন