রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : আবদুস সালাম

  বিশেষ প্রতিনিধি    25-08-2026    3
রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : আবদুস সালাম

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার যে সুযোগ তৈরি হয়েছে, তা যেন কোনোভাবেই মাঝপথে ব্যাহত না হয়। এ জন্য বিরোধীদলসহ সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সোমবার (২৪ আগস্ট) রাতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাসাস এর উদ্যোগে আয়োজিত ‘জুলাই ৩৬: এক ফালি রোদ- শোক ও বিজয় ২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, মুক্তিযুদ্ধের সময় থেকেই আমরা দেশের গণতন্ত্র ও মানুষের মুক্তির জন্য লড়াই করছি। সেই লড়াই এখনো শেষ হয়নি। দীর্ঘ ১৭ বছর পর আমরা গণতান্ত্রিক ধারায় ফিরতে পেরেছি। এই ধারা যাতে অব্যাহত থাকে এবং মাঝপথে আবার ব্যর্থ হতে না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

গণতন্ত্র প্রতিষ্ঠার প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্র কখনো এক মাস, এক বছর কিংবা ছয় বছরে প্রতিষ্ঠিত হয় না; এটি একটি চলমান প্রক্রিয়া। গণতন্ত্রে ফিরে আসার যে সুযোগ তৈরি হয়েছে, সেটিকে ধাপে ধাপে আরও এগিয়ে নিতে হবে।

আবদুস সালাম আরও বলেন, আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রে উত্তরণের পথে নির্বাচন যাতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়, সে জন্য আন্দোলন করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমানও বারবার বলে যাচ্ছেন, জুলাইয়ের যে চাওয়া-পাওয়া ও আকাঙ্ক্ষা, বিএনপি সব সময় তার সঙ্গে আছে। তবে এসব বাস্তবায়নে সময় লাগবে। দুই দিন, দুই মাস কিংবা দুই বছরে সবকিছু হয়ে যাবে না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নীতায় রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্ট্যালিন,বিটিভির মহাপরিচালক কাজী জেসিন প্রমুখ।

জাতীয়-এর আরও খবর

আরও পড়ুন