চোর সন্দেহে গাছে বেঁধে মায়ের সামনে ছেলেকে বেধড়ক মারধর

  বিশেষ প্রতিনিধি    13-08-2026    5
চোর সন্দেহে গাছে বেঁধে মায়ের সামনে ছেলেকে বেধড়ক মারধর

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মোবাইল চুরির সন্দেহে মায়ের সামনে ছেলে মো. তারেক ঢালীকে (১৭) পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় প্রভাবশালী মহল। বর্তমানে সে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেদম প্রহারের যন্ত্রণায় হাসপাতালের বেডে কাতরাচ্ছেন।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনায় শফিক প্রধান (৩৫) একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিণ পাড়া প্রধানীয়া বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানায়, গোবিন্দপুর গ্রামের জাকির হোসেন ঢালীর ছেলে তারেক ঢাকায় চাকরি করে। তারা দুই ভাই। ছোট ভাই মো. রাসেল (১৩) তার সঙ্গে কাজ করে। ছুটিতে বাড়িতে থাকাকালীন অবস্থায় মঙ্গলবার ভোরবেলা তার ঘর থেকে পাশের প্রধানীয়া বাড়ির আল-আমীন, সফিক, তানিম, মোতালেব তাকে তুলে নিয়ে যায়।

আহত তারেকের মা খুকী বেগম বলেন, ১২ বছর আগে ওর বাবা মারা যায়। খাইয়া নাখাইয়া ছেলে দুইটাকে নিয়ে জীবন কাটাই। ঘটনার দিন মঙ্গলবার ভোর ৫টার দিকে আমার ছেলেকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে যায়। সফিক, আল আমিন, তানিম, মোতালেব প্রধান তাদের বাড়ি আমার ছেলেরে নিয়ে যায় কোনো কথা না বলে। পরে তাদের (প্রধানীয়া বাড়ি) বাড়িতে নিয়ে মোবাইল চুরির কথা বলে সন্দেহ বশত গাছের সঙ্গে বেঁধে নারিকেল গাছের ডাল দিয়ে পিটায়। এরপর মাথায় গামছা বেঁধে গরম পানি ঢালে। থেমে থেমে কয়েক ঘণ্টা পিটাইছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কেউ আমার ছেলেকে বাঁচাতে এগিয়ে আসে না। পরে স্থানীয় সোবহান ঢালী, মো. রাকিব প্রধান, শরীফুল ইসলাম, নবী উল্লাহ পাটোয়ারী বিকেলে তাকে উদ্ধার করে বাড়িতে দিয়ে গেছে। টাকার অভাবে ছেলেকে ভালোভাবে চিকিৎসা করাতে পারছি না। আমি গরিব মানুষ। বিনা অপরাধে যারা আমার ছেলেকে মারছে আমি প্রশাসনের কাছে তাদের বিচার চাই।

স্থানীয় নবী উল্লাহ পাটোয়ারী বলেন, বুধবার বিকেলের দিকে পুলিশ আহতের বাড়ি আসে। ওরা দুই ভাই ঢাকায় শহীদুল্লাহ্ হলের ক্যান্টিনে কাজ করে। অসহায় ছেলেটাকে তারা হত্যার উদ্দেশ্য ঘর থেকে তুলে নিয়ে যায়। ছেলেটাকে যারা এমনভাবে মেরেছে আমরা তাদের শাস্তি চাই। ওসি সাহেব এসে সঠিক বিচারের আশ্বাস দিয়ে গেছেন।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, অভিযুক্ত শফিক প্রধানকে এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন