ধানমন্ডিতে ৮৯ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ২

  বিশেষ প্রতিনিধি    31-07-2026    44
ধানমন্ডিতে ৮৯ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ২

রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮৯ লাখ টাকা মূল্যের চোরাচালানকৃত স্বর্ণালংকার উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি মডেল থানা পুলিশ। এ ঘটনায় স্বর্ণ চোরাচালান চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন গোবিন্দ মন্ডল (৫২) ও রাজন চন্দ্র সরকার (৩৫)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

নিয়াজ মেহেদী বলেন, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি মডেল থানা পুলিশ জানতে পারে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চোরাচালান করা স্বর্ণের একটি চালান ধানমন্ডি হয়ে হাজারীবাগ এলাকায় নেওয়া হবে। এ তথ্যের ভিত্তিতে ধানমন্ডি ২৭ নম্বর সড়কের মোগল কাবাবের সামনে চেকপোস্ট বসানো হয়।

এ সময় একটি মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে থামিয়ে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে চোরাচালানকৃত স্বর্ণালংকার উদ্ধার করা হয়। একই সঙ্গে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে প্রায় ৮৯ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন, উদ্ধার হওয়া স্বর্ণ বিদেশ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে দেশে এনে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

জাতীয়-এর আরও খবর

আরও পড়ুন