‎পাবনায় ২৪ ঘণ্টায় বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত ১১

  বিশেষ প্রতিনিধি    30-07-2026    9
‎পাবনায় ২৪ ঘণ্টায় বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত ১১

পাবনা শহরের লষ্করপুর রেলওয়ে স্টেশন এলাকায় বেওয়ারিশ কুকুরের আক্রমণে অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা থেকে বুধবার (২৯ জুলাই) সকাল পর্যন্ত এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান।

নারী, পুরুষ ও শিশুসহ পথচারীদের ওপর এলোপাতাড়ি হামলা চালায় কয়েকটি বেওয়ারিশ কুকুর। আকস্মিক এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ‎স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত লষ্করপুর রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় কয়েকটি বেওয়ারিশ কুকুর হঠাৎ পথচারীদের ধাওয়া করে কামড়াতে শুরু করে। এতে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১১ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজন অনুযায়ী র‌্যাবিস প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে।

‎হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ১১ জন কুকুরে কামড়ানো রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আহতদের মধ্যে তিনজন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। বাকি আটজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

‎স্থানীয় বাসিন্দারা জানান, লষ্করপুর রেলওয়ে স্টেশন এলাকায় দীর্ঘদিন ধরেই বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়েছে। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রতিদিন যাত্রী, রিকশাচালক, দোকানদার, শিক্ষার্থী ও সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

‎ঘটনার পর এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন