জাপটে ধরে জিজ্ঞেস করেছিল ‘তোমরা কারা’, উত্তরে করে গুলি

  বিশেষ প্রতিনিধি    26-07-2026    19
জাপটে ধরে জিজ্ঞেস করেছিল ‘তোমরা কারা’, উত্তরে করে গুলি

রাজধানীর কাফরুল এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইউসুফ আলী (৪৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মিরপুর-১৩, ই-ব্লক, ওপেক্স গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। পরবর্তীতে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইউসুফ আলীর গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার সাকরাল গ্রামে। তার বাবার নাম মৃত শাহজাহান। তিনি পরিবার নিয়ে মিরপুরের কাফরুলে বসবাস করতেন। নিহতের রাজনৈতিক সহকর্মী মামুন বলেন, রাত ১১টার দিকে আমি ইউসুফ ভাইসহ আরও দুই জন সহকর্মী মিরপুর-১৩, ই-ব্লক, ওপেক্স গার্মেন্টসের সামনে চা খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম। আমাদের তিনজনকে লক্ষ্য করে অজ্ঞাতনামা ৪-৫ জন যুবক আশপাশে ঘুরছিল। তাদের গতিবিধি দেখে আমাদের সন্দেহ হয়।

এক পর্যায়ে ইউসুফ ভাই তাদের ডেকে বলেন, ‘তোমরা কারা, তোমাদের বাসা কোথায়? তোমরা আমাদেরকে ঘিরে এভাবে ঘুরছ কেন?’ উত্তরে তারা জানায় তাদের বাড়ি মিরপুর ১০-এ।

এরপর তারা চলে যেতে চাইলে ইউসুফ ভাই একজনকে বলেন, ‘দাঁড়াও’। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই যুবককে ইউসুফ ভাই জাপটে ধরে এবং বলে, ‘বল তোরা কে?’ এটা বলতে বলতেই ওই যুবক কোমর থেকে পিস্তল বের করে তার বুকে ঠেকিয়ে গুলি করে দেয়। এতে ইউসুফ ভাই মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারীরা গুলি করতে করতে পালিয়ে যায়। এতে আরও দুজন গুলিবিদ্ধ হন। পরে আমরা স্থানীয়দের সহযোগিতায় তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ১২টার দিকে ইউসুফ ভাইকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুলিবিদ্ধ অন্য দুজনের মধ্যে একজনের মাথায় এবং অন্যজনের পায়ে গুলি লাগে। তারা এখন আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জাতীয়-এর আরও খবর

আরও পড়ুন