জন্মদিনে নিজেকে কোটি টাকার মার্সিডিজ উপহার দিলেন অজয়

  বিশেষ প্রতিনিধি    04-04-2026    53
জন্মদিনে নিজেকে কোটি টাকার মার্সিডিজ উপহার দিলেন অজয়

জন্মদিনে নিজের জন্য প্রিয় কিছু কেনা কিংবা নিজেকে নতুন কোনো উপহার দেওয়ার মধ্যে এক অন্যরকম আত্মতৃপ্তি কাজ করে। হয়তো এমন অনুভূতি কাজ করেছে বলিউড তারকা অজয় দেবগনের মাঝেও! গত ২ এপ্রিল ৫৬ পেরিয়ে ৫৭তে পা রাখলেন এই নায়ক। আর বিশেষ এই দিনে নিজেকে উপহার দিলেন একটি দামি গাড়ি।

ভারতীয় গণমাধ্যমের খবর, জন্মদিনে একটি মার্সিডিজ বেঞ্জ এর বিলাসবহুল গাড়ি কেনেন অভিনেতা। আর তা নিয়ে এখন বেশ আলোচনা নায়কের ভক্তমহলে। ভি-ক্লাস মডেলের সেই গাড়িটির দাম আনুমানিক ১ কোটি ৮০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা)।

বলা হচ্ছে, নতুন এই গাড়িটি কেনার মাধ্যমে বলিউড কিং শাহরুখ খান ও ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার মতো তারকাদের তালিকায় যুক্ত হলেন তিনি।

গাড়ি বিলাসী হিসেবে পরিচয় রয়েছে অজয় দেবগনের। তার গ্যারেজে আগে থেকেই শোভা পেয়েছে রোলস-রয়েস কুলিনান, মার্সিডিজ-মেব্যাচ জিএলএস-৬০০, বিএমডব্লিউ এক্স-সেভেন এবং বিএমডব্লিউ সেভেন সিরিজের মতো দামি সব গাড়ি। শৌখিন এই অভিনেতা প্রতিটি গাড়ি নির্বাচনের ক্ষেত্রে বেশ সচেতন। তবে জন্মদিনে নতুন গাড়ি কিনে ফের আলোচনায় এই অভিনেতা।

এদিকে অজয়ের জন্মদিনে সামাজিক মাধ্যমে মজার ছলে শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রী ও অভিনেত্রী কাজল। লেখেন, কেকের ওপর মোমবাতিগুলো এখন উদযাপনের চেয়ে আগুনের ঝুঁকির মতো বেশি মনে হচ্ছে। আমার মনে হয় তুমি সেই পর্যায়ে পৌঁছে গেছো। যা-ই হোক, শুভ জন্মদিন। তোমার জীবন কেকময় হোক।

দীর্ঘদিনের প্রেমের পর ১৯৯৯ সালে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন অজয় দেবগন ও কাজল। এই তারকা দম্পতির নিসা ও যুগ নামের দুই সন্তান রয়েছে। পেশাগত জীবনেও বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন অজয়। খুব শীঘ্রই তাকে ‘গোলমাল ফাইভ’ এবং ‘দৃশ্যম থ্রি’ সিনেমায় দেখা যাবে।

বিনোদন-এর আরও খবর

আরও পড়ুন