জ্বালানি তেল পাচার রোধে লালমনিরহাট সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

  বিশেষ প্রতিনিধি    31-03-2026    43
জ্বালানি তেল পাচার রোধে লালমনিরহাট সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

জ্বালানি তেল মজুত ও পাচার প্রতিরোধে লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্ত এলাকায় তৎপরতা বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে কাজ করছে। সোমবার (৩০ মার্চ) তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম এসব তথ্য জানান।

লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, সাম্প্রতিক বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে এবং অননুমোদিতভাবে জ্বালানি তেল মজুতের অপচেষ্টা প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। এ পরিপ্রেক্ষিতে সীমান্ত এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং সীমান্ত সংলগ্ন ফিলিং স্টেশন ও ডিলারদের জ্বালানি তেল উত্তোলন ও বিক্রয় কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে। পাশাপাশি সন্দেহভাজন যানবাহনে আকস্মিক তল্লাশি, নিয়মিত মোবাইল টহল জোরদার এবং গুরুত্বপূর্ণ পরিবহন রুটে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও বলেন, এছাড়াও তেল পাচারের সঙ্গে জড়িত সম্ভাব্য সিন্ডিকেট শনাক্তকরণে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। অবৈধ জ্বালানি মজুত ও পাচারের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সীমান্তবর্তী এলাকায় স্থানীয় জনগণের অংশগ্রহণে সচেতনতামূলক সভা আয়োজন করা হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে জনগণকে তেল পাচার থেকে বিরত থাকার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।

জাতীয়-এর আরও খবর

আরও পড়ুন