ভোলায় লঞ্চের ধাক্কায় স্পিডবোটডুবি, পুলিশ সদস্য নিখোঁজ

  বিশেষ প্রতিনিধি    19-03-2026    73
ভোলায় লঞ্চের ধাক্কায় স্পিডবোটডুবি, পুলিশ সদস্য নিখোঁজ

ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদীতে ঘাটে অবস্থানরত কর্নফুলী-১২ নামে একটি যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে মৎস্য বিভাগের একটি স্পিডবোটডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. ফখরুল নামে এক পুলিশ সদস্য নদীতে নিখোঁজ রয়েছেন। এছাড়া স্পিডবোটে থাকা পুলিশ সদস্যসহ আরও ৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) দিনগত রাত ৮টার দিকে উপজেলার মঙ্গল সিকদার লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ফখরুল লালমোহনের মঙ্গলবার সিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানায় বলে জানা গেছে।

এছাড়া আহতরা হলেন- লালমোহন উপজেলা মৎস্য বিভাগের অফিস সহকারী আব্বাছ উদ্দিন, ক্ষেত্র সহকারী মনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম সোহাগ ও আরও ৩ পুলিশ কনস্টেবল। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার ঘোষিত ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে মাছ ধরার উপর ২ মাসের নিষেধাজ্ঞা চলমান রয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মঙ্গলসিকদার ঘাট সংলগ্ন মেঘনা নদীতে মৎস্য বিভাগের সাথে নদীতে অভিযান পরিচালনা করছিল পুলিশ সদস্যরা। এ সময় হঠাৎ অভিযানকারী দলের স্পিডবোট বিকল হয়ে নদীতে ভাসতে থাকে। অন্যদিকে এসময় ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে ঢাকা থেকে ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া ঘাটের উদ্দেশে ছেড়ে এমভি কর্ণফুলী-১২ লঞ্চটি মঙ্গল সিকদার ঘাটে যাত্রী নামাচ্ছিল। একপর্যায়ে স্পিডবোটটি স্রোতের ঢেউয়ের সাথে ভাসতে ভাসতে লঞ্চের পেছনে থাকা প্রফেলারের কাছে চলে এসে বোটটি লঞ্চের তলায় ঢুকে যাওয়ার মুহূর্তে বোটে থাকা পুলিশ সদস্যরা ও মৎস্য বিভাগের লোকজন বোটের একপাশে এসে বোটটিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে লঞ্চের প্রফেলারের পানির ঘূর্ণিতে স্পিডবোট উল্টে ডুবে যায়। পরবর্তীতে বোটে থাকা পুলিশ ও মৎস্য বিভাগের অন্যান্য লোকজন সাতরে তীরে উঠলেও নিখোঁজ হন ফখরুল।

বিষয়টি নিশ্চিত করেন লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম ঢাকা , এটি দুর্ঘটনা। নিখোঁজ পুলিশ কনস্টেবল ফখরুলের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চলছে। আমরা মূলত এখন তাকে উদ্ধারের চেষ্টা করছি। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে রাত পৌনে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত নদীতে নিখোঁজ পুলিশ কনস্টেবল ফখরুলের কোনো খোঁজ মেলেনি।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন