পূজায় মৌ খানের ‘বান্ধব’

  বিশেষ প্রতিনিধি    29-09-2025    112
পূজায় মৌ খানের ‘বান্ধব’

অবশেষে আগামী ৩রা অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে মৌ খান অভিনীত ও সুজন বড়ুয়ার পরিচালিত সিনেমা ‘বান্ধব’। এর আগে একাধিকবার সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় প্রযোজনা প্রতিষ্ঠান। অবশেষে দুর্গাপূজা উপলক্ষে আগামী শুক্রবার সিনেমাটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম কথাচিত্রের স্বত্বাধিকারী অনুপ বড়ুয়া ও প্রযোজক আবুল বাশার।

ময়লা আবর্জনায় ভরা ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া একটি জন্ম পরিচয়হীন শিশুর জীবন গল্প উঠে এসেছে ‘বান্ধব’ সিনেমায়। এর মূল চরিত্রে অভিনয় করেছেন চলতি প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। এ নায়িকা বলেন, এটি বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্র। আমি চেষ্টা করেছি আমার শতভাগ দিয়ে কাজটি করার। কাজটি বেশ আগে শেষ করলেও মুক্তি পেতে নানা কারণে সময় লাগছিল। অবশেষে পূজায় ছবিটি আসছে, ভালো লাগছে। দর্শকদের সাড়া কেমন মেলে সেটা দেখার অপেক্ষায় আছি। সিনেমাটি নিয়ে আশাবাদী পরিচালক সুজন বড়ুয়াও।

তিনি বলেন, আমি অপেক্ষায় ছিলাম কবে মুক্তি পাবে, অবশেষে মুক্তি পাচ্ছে। বুকের ভেতর অন্য রকম শান্তি অনুভব করছি। আশা করি, সিনেমাটি দর্শকরা পছন্দ করবেন। কারণ ‘বান্ধব’ সম্পূর্ণ গল্পনির্ভর চলচ্চিত্র। মৌ খান ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করেছেন- গাজী রাকায়েত, রেবেকা রউফ, জয় রাজ, সুমিত সেনগুপ্ত, হাবিব খান, আসমা শিউলি, আরফান, রাজ সাগর, রুবেল প্রমুখ।

বিনোদন-এর আরও খবর