ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে জামায়াতের দখলদারিত্ব সহ্য করা হবে না : ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ

  বিশেষ প্রতিনিধি    08-09-2025    169
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে জামায়াতের দখলদারিত্ব সহ্য করা হবে না : ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ

ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৫ — ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামী দখলদারিত্ব চালাচ্ছে, যা সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ।

সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান আজ এক বিবৃতিতে বলেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আলিয়া মাদ্রাসাগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং আলেম-ওলামা ও মাদ্রাসা প্রেমী মানুষের ভরসাস্থল। অথচ বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিশ্ববিদ্যালয়টি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল। সরকার পতনের পর প্রতিষ্ঠানটির সংস্কার ও উন্নয়নের আশা থাকলেও বর্তমানে জামায়াতে ইসলামী বিশ্ববিদ্যালয়টিকে ঘিরে ধরেছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি দাবি করেন, বর্তমান উপাচার্য জামায়াতের সুপারিশে নিয়োগপ্রাপ্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখায় জামায়াত সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়োগ দিয়েছেন। এতে বিশ্ববিদ্যালয় কার্যত জামায়াতের কার্যালয়ে পরিণত হয়েছে। খায়রুল আহসান বলেন, “জামায়াত নিজেদের দুর্নীতিমুক্ত দাবি করলেও তাদের কর্মকাণ্ডই প্রমাণ করে তারা স্বজনপ্রীতি ও দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানগুলো দখল করছে।”

তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামী দেশের শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন, এমনকি মসজিদ-মাদ্রাসায় তাদের কর্মী-সমর্থকদের নিয়োগ দিয়ে মওদুদীয় মতবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে। এ প্রসঙ্গে তিনি আলেম-ওলামা, পীর-মাশায়েখ, শিক্ষক-ছাত্র ও সাধারণ মানুষকে জামায়াতের অপতৎপরতার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।

ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান এ সময় জামায়াতের এই স্বজনপ্রীতি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে অবিলম্বে সঠিক তদন্ত ও পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

জাতীয়-এর আরও খবর