ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে খুলনায় বিএনপির সমাবেশ বৃহস্পতিবার

  বিশেষ প্রতিনিধি    09-04-2025    97
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে খুলনায় বিএনপির সমাবেশ বৃহস্পতিবার

সারা বিশ্বের নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, ফিলিস্তিনের শান্তিকামী মুসলমানরা নিজেদের আবাসভূমি স্থায়ী করার জন্য আন্দোলন করে আসছিলেন। কিন্তু দখলদার ইসরায়েলের সন্ত্রাসী হামলায় পঞ্চাশ হাজারেরও অধিক মানুষ নিহত হয়েছে। যার অর্ধেক নারী ও শিশু। এরকম ধ্বংসযজ্ঞ চলার পরও যেসব দেশের রাষ্ট্রপ্রধান প্রতিবাদ জানাননি, তাদের আমরা ধিক্কার জানাই।

মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে খুলনা মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৩টায় নগরীর শিববাড়ি মোড়ে (জিয়া হল চত্বরে) এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

শফিকুল আলম মনা বলেন, আজ জাতিসংঘসহ সব মানবাধিকার সংগঠন নিশ্চুপ। গাজায় সর্বোচ্চ মানবাধিকার লঙ্ঘিত হলেও তাদের কোনো প্রতিবাদ নেই। আজ থেকে যেখানে আমরা ইসরায়েলি পণ্য পাব, সেখানেই বয়কট করব। আজ যদি সারা বিশ্বের মুসলিমরা ঐক্যবদ্ধ হয়, তাহলে তাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কে এম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, অ্যাডভোকেট শেখ মোহাম্মাদ আলী বাবু, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মিজানুর রহমান মিলটন, আজিজা খানম এলিজা, আব্দুল আজিজ সুমন, মিরাজুর রহমান মিরাজ, ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু, আক্তারুজ্জামান সজীব তালুকদার, শফিকুল ইসলাম শফি, বিপ্লবুর রহমান কুদ্দুস, জাকির ইকবাল বাপ্পি, মো. নাসির উদ্দিন, রবিউল ইসলাম রুবেল, কে এম এ জলিল, শেখ আদনান ইসলাম দ্বীপ, জামাল তালুকদার, অ্যাডভোকেট হালিমা আক্তার খানম, মো. তাজিম বিশ্বাস প্রমুখ।

সভা থেকে ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবারের সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করতে খুলনাবাসী, মহানগরীর অন্তর্গত বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা বলেন, বৃহস্পতিবারের সমাবেশ হবে সর্ববৃহৎ সমাবেশ। সভা থেকে বিক্ষোভ মিছিলে শৃঙ্খলা রক্ষায় মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের দায়িত্ব দেওয়া হয়।

সারাদেশ-এর আরও খবর