থানার পেছনে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের পর ওসিকে বদলি

  বিশেষ প্রতিনিধি    22-09-2026    8
থানার পেছনে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের পর ওসিকে বদলি

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পেছনেই রিকশার যাত্রীকে ছুরি দেখিয়ে প্রকাশ্যে ছিনতাই এবং ব্যস্ত লালখানবাজার-কাজীর দেউড়ি সড়কে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় তীব্র আলোচনা-সমালোচনার মধ্যেই কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়। দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মাথায় তাকে ডিএমপিতে পাঠানো হলো।

সোমবার (২১ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনের সই করা আদেশে এই বদলি করা হয়। আদেশে বলা হয়, আবু জায়েদ মো. নাজমুন নূরসহ পাঁচ পুলিশ সদস্যকে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য ২২ সেপ্টেম্বরের মধ্যে ছাড়পত্র নিতে হবে। অন্যথায় ২৩ সেপ্টেম্বর থেকে তারা ‘তাৎক্ষণিক অবমুক্ত’ (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।

গত ১৭ জুন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) আদেশে আবু জায়েদকে কোতোয়ালি থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছিল। এর আগে তিনি পটিয়া ও সন্দ্বীপ থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। পুলিশের এই বদলির ঠিক আগেই কোতোয়ালি থানা এলাকায় দুটি ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর মধ্যে একটি হলো প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গত শনিবার সকালে নগরের পাথরঘাটার সতীশ বাবু লেনে একটি রিকশা থামিয়ে দুই ব্যক্তি এক যাত্রীকে ছুরি দেখিয়ে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিচ্ছেন। পরে তাঁরা ব্যাটারিচালিত অটোরিকশায় করে পালিয়ে যান।

ঘটনাটি ঘটে কোতোয়ালি থানার ঠিক পেছনেই। বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হলে পুলিশ স্বপ্রণোদিত হয়ে অভিযান চালায়। পরে মনির হোসেন নামের একজনকে গ্রেপ্তার এবং ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়। অন্য দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

জাতীয়-এর আরও খবর

আরও পড়ুন