মিলাদুন্নবীর আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  বিশেষ প্রতিনিধি    12-09-2026    8
মিলাদুন্নবীর আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের রাউজান উপজেলায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে আলোকসজ্জার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির হোসেন (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের করিম শিকদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার শ্রীকামতা গ্রামের খুরশিদ আলমের ছেলে। তিনি রাউজান উপজেলার নেজাম ডেকোরেটর নামের একটি ডেকোরেশন প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে উপজেলার করিম শিকদার বাড়িতে ডেকোরেটরের পক্ষ থেকে আলোকসজ্জার কাজ করছিলেন মনির। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পার্শ্ববর্তী হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার ঢাকা পোস্টকে বলেন, শুক্রবার সন্ধ্যায় মনির হোসেন নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসক নিশ্চিত হন যে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তিনি একটি ধর্মীয় অনুষ্ঠানের আলোকসজ্জার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন। মরদেহ তার সঙ্গে আসা ব্যক্তিদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার বিষয়টি আমরা জেনেছি। তবে ঘটনার বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয়-এর আরও খবর

আরও পড়ুন